নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে কাঁচপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায় তাঁকে মারধর করা হয়।
নিহত সোহেল পটুয়াখালীর গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মরহুম রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও বেড়িবাঁধ এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় বাড়ির লোকজন বিষয়টি টের পান। তাঁরা 'চোর চোর' বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেন। কয়েক দফা মারধরে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাঁচপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান ওসি।