বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বদলির চূড়ান্ত আদেশের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী শিক্ষকদের আমরণ অনশন

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির অফিস আদেশ প্রকাশে দীর্ঘসূত্রতার প্রতিবাদে চার দাবিতে অনশনে বসেছেন বদলিপ্রত্যাশী নারী শিক্ষকরা।

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশের দাবিতে অনশন শুরু করেছেন নারী শিক্ষকরা। গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ বদলিপ্রত্যাশী নারী শিক্ষকদের ব্যানারে চার দাবিতে তাঁরা আমরণ অনশনে বসেন।

দাবিগুলো হলো—এমপিওভুক্ত শিক্ষকদের বদলির চূড়ান্ত অফিস আদেশ অবিলম্বে প্রকাশ করতে হবে; নির্ধারিত নীতিমালা ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে বদলি কার্যক্রম সম্পন্ন করতে হবে; নারী শিক্ষকদের পারিবারিক ও মানবিক সংকটকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত ফল প্রকাশ করতে হবে; এবং শিক্ষকসমাজের দীর্ঘদিনের অপেক্ষা ও দুর্ভোগের অবসান ঘটাতে হবে।

অনশনরত শিক্ষকরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ ও পরবর্তী কার্যক্রম শেষ হলেও এখনো চূড়ান্ত বদলির অফিস আদেশ প্রকাশ করা হয়নি। এতে হাজারো শিক্ষক চরম অনিশ্চয়তা ও মানসিক দুর্ভোগের মধ্যে আছেন। তাঁদের ভাষ্য, বিশেষ করে নারী শিক্ষকরা স্বামী, সন্তান, পরিবার ও বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিনিয়ত পারিবারিক ও সামাজিক নানা সংকটের মুখে পড়ছেন।

সূত্র জানায়, ফল প্রকাশের দাবিতে অনশনরত নারী শিক্ষকরা রাতেও প্রেস ক্লাবের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন। অনশনে অংশ নেওয়া একজন শিক্ষক বলেন, বদলির ফল প্রকাশ না হওয়া পর্যন্ত তাঁরা প্রেস ক্লাবেই থাকবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বদলির ফল প্রকাশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।