সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

নড়াইলে গভীর রাতে বাড়িতে মুখোশধারী ডাকাতদল, হাত-পা বেঁধে ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট; জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

নড়াইলে শনিবার গভীর রাতে সমর কুমার বিশ্বাসের তিনতলা বাড়িতে ৭-৮ জনের মুখোশধারী দল ডাকাতি করেছে; ভুক্তভোগীদের দাবি, কোটি টাকার মালামাল লুট হয়েছে।

নড়াইলে শনিবার গভীর রাতে একটি বাড়িতে মুখোশধারী ডাকাতদল হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগীরা বলছেন, লুট হওয়া মালামালের মূল্য কোটি টাকার মতো। জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, আনুমানিক ৭-৮ জনের একটি মুখোশধারী দল সমর কুমার বিশ্বাসের বাড়িতে ঢোকে। বাড়ির নিচতলার জানালার রড কেটে তারা ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সবার হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং চাবি ছিনিয়ে নেয়। এরপর তিনতলা বাড়ির আলমারি ও লকার খুলে অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা ও একটি দামি ক্যামেরা লুট করে।

বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস (৭০) বলেন, স্বামী-স্ত্রীসহ মোট চারজন বাড়িতে থাকেন। পূজা উপলক্ষে তাঁর দুই মেয়ে ও জামাইরাও বেড়াতে এসেছিলেন। রাত আনুমানিক দুইটা-আড়াইটার দিকে ঘুম থেকে জেগে তাঁরা ঘরে মুখোশধারী লোকজন দেখতে পান। তিনি জানান, ডাকাতরা সবার মোবাইল ফোন কেড়ে নেয় এবং অস্ত্রের মুখে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ তদন্ত চলছে। তিনি আশা প্রকাশ করেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।