বিপন্ন শকুনের অস্তিত্ব রক্ষা, বংশবৃদ্ধি ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে সুন্দরবনে জাহাজে শুরু হচ্ছে শকুন সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ বন বিভাগ আজ ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সম্মেলনের আয়োজন করেছে। আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ড লাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এতে সহযোগিতা করছে।
বন বিভাগ ও আইইউসিএন সূত্রে জানা গেছে, সম্মেলনের উদ্বোধন করবেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম। সভাপতিত্ব করবেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। সম্মেলনে বাংলাদেশসহ ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও কানাডা—মোট ১০টি দেশের ৩০ জন বিশেষজ্ঞ, গবেষক ও সংরক্ষণকর্মীর অংশ নেওয়ার কথা।
এশিয়ায় শকুনের বিলুপ্তি ঠেকাতে কাজ করা আন্তর্জাতিক জোট ‘সেভ’র এই বার্ষিক সম্মেলন এবারই প্রথম সুন্দরবনে জাহাজে হচ্ছে। এতে শকুনের বর্তমান অবস্থা, মৃত্যুর কারণ, সংরক্ষণ উদ্যোগ, গবেষণা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।
বন বিভাগ জানায়, ২০২৩ সালে বন বিভাগ ও আইইউসিএনের যৌথ শুমারিতে দেশে ২৬৭টি শকুনের অস্তিত্ব পাওয়া যায়। আইইউসিএনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন সংখ্যাটি ২৪৮। চার-পাঁচ দশক আগেও দেশে প্রায় ৫০ হাজার শকুন ছিল। এখন সুন্দরবনের ঢাংমারী, ঘাগড়ামারী ও লাউডোবসহ বিভিন্ন স্থানে এবং সিলেট অঞ্চলে এদের দেখা মেলে।
আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, ‘সেভ’ ২০১১ সাল থেকে এশিয়ায় কাজ করছে। শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, নিরাপদ অঞ্চল গড়ে তোলা, নিরাপদ খাদ্য সরবরাহ, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন, প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তর্দেশীয় সহযোগিতা সম্মেলনে গুরুত্ব পাবে।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে এমন আন্তর্জাতিক সম্মেলন আয়োজনকে শকুন সংরক্ষণে বাংলাদেশের উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শকুনের সংখ্যা ফিরিয়ে আনার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে তিনি মনে করেন।