রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
এদিন ইউনিয়নের জলপাইতলা মোড় ও চেউখালী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইউনিয়নের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও গোয়ালকান্দি ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল মজিদ খান, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম এবং ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক। গণসংযোগ ও পথসভায় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।