দেশের ব্যাংক খাতে মূলধন ঘাটতি ক্রমেই বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে ২২টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮০৩ কোটি টাকা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। গত মার্চে ২১টি ব্যাংকের ঘাটতি ছিল প্রায় ২ লাখ ৯৪ হাজার কোটি টাকা। বাকি ব্যাংকগুলোর মূলধনে কোনো ঘাটতি নেই।
বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি ঘাটতিতে আছে; তাদের ঘাটতির পরিমাণ ৬৬ হাজার ১২৬ কোটি টাকা। রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের মোট ঘাটতি ৩৮ হাজার ৪১১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি জনতা ব্যাংকের (১৯ হাজার ৭০৭ কোটি টাকা); এরপর অগ্রণী ব্যাংকের ৮ হাজার ৭৮২ কোটি, রূপালী ব্যাংকের ৫ হাজার ২৩১ কোটি এবং বেসিক ব্যাংকের ৪ হাজার ৬৯০ কোটি টাকা।
বেসরকারি খাতের আটটি ব্যাংকের সম্মিলিত ঘাটতি ৪৯ হাজার ৭৩১ কোটি টাকা। এর মধ্যে সর্বোচ্চ ঘাটতি ন্যাশনাল ব্যাংকের (১৭ হাজার ৪৭৪ কোটি টাকা), দ্বিতীয় এবি ব্যাংকের (৮ হাজার ৯১২ কোটি টাকা)। এরপর রয়েছে আইএফআইসি ব্যাংকের ৭ হাজার ১৯৯ কোটি এবং পদ্মা ব্যাংকের ৬ হাজার ৬১৮ কোটি টাকা।
ব্যাংকাররা বলছেন, অস্বাভাবিক হারে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় বিশাল অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে, ফলে মূলধন ও ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত (সিআরএআর) আরও খারাপ হয়েছে। তাঁদের ভাষ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মের মাধ্যমে যেসব ঋণ বের করে নেওয়া হয়েছিল, সেগুলো এখন খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন রাখতে না পারায় ব্যাংকগুলোর মূলধন ক্ষয় হচ্ছে। তাঁরা মনে করেন, এ পরিস্থিতি পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে।