বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনের আগে ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা, সংশোধনে ১৫০ কর্মকর্তা নিয়োগ

নির্বাচন কমিশন জানিয়েছে, ২০ নভেম্বর পর্যন্ত দাবি-আপত্তির আবেদন করা যাবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত হালনাগাদ তালিকা প্রকাশ করা হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকায় কারও তথ্যে ভুল থাকলে তা সংশোধনের জন্য ১৫০ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ইসির যুগ্ম সচিব মো. আবদুল হালিম খান বিষয়টি নিশ্চিত করেন।

ইসির প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের ৬৪টি জেলা ও ক্যান্টনমেন্ট এলাকার জন্য নির্দিষ্ট পদবি ও অধিক্ষেত্র উল্লেখ করে এই ১৫০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। খসড়া তালিকার ওপর পাওয়া দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তি করাই তাঁদের কাজ।

ভোটার তালিকা আইন ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ অথবা নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের বিধান রয়েছে। সেই অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্ম নেওয়া এবং ২০২৬ সালের ৩১ অক্টোবরের মধ্যে ডাটাবেজে নিবন্ধিত হওয়া নাগরিকদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য ঠিক করা হয়েছে।

ইসির সময়সূচি অনুযায়ী, ৪ নভেম্বরের মধ্যে খসড়া তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ের নিবন্ধন কর্মকর্তাদের কাছে লিংক পাঠানো হবে। পরদিন ৫ নভেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। এরপর আগ্রহী নাগরিকেরা নির্দিষ্ট ফরমে ২০ নভেম্বর পর্যন্ত দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন জমা দিতে পারবেন।

জমা পড়া আবেদনগুলো ২৩ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করবেন সংশোধনকারী কর্তৃপক্ষ। ২৪ নভেম্বর নিষ্পত্তি করা আবেদনের সিদ্ধান্ত ডাটাবেজে যুক্ত করা হবে এবং ২৫ নভেম্বর চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।