শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জানুয়ারিতে শেষ হচ্ছে সহজ ডটকমের চুক্তি, রেলের টিকিটিংয়ে নতুন সেবাদাতা নিয়োগে দরপত্র; বন্ধ লোকাল-কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানিয়েছেন, বর্তমান টিকিটিং সেবাদাতার চুক্তি নবায়ন না করে উন্মুক্ত দরপত্রে নতুন প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।

আগামী জানুয়ারিতেই বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সেবাদাতা প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে রেলওয়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি নবায়নের কোনো সুযোগ না রেখে নতুন সেবাদাতা নিয়োগে ইতিমধ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে রেল ও সড়ক নিয়ে কাজ করা সাংবাদিকদের একটি সংগঠনের আয়োজনে এক কর্মশালায় এ কথা জানান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

প্রায় পাঁচ বছর ধরে সহজ-সিনেসিস ডটকম রেলকে টিকিটিং সেবা দিয়ে আসছে। কিন্তু এ সেবা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যাত্রীদের অভিযোগ, টিকিট ছাড়ার নির্ধারিত সময়ে, বিশেষ করে সকাল ৮টায়, ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপে প্রচণ্ড চাপ পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সব আসন বুকড দেখানো হয়। এতে যাত্রীদের মধ্যে কালোবাজারি ও সিন্ডিকেটের সন্দেহ তৈরি হয়েছে। অনেক সময় মোবাইল ব্যাংকিং বা কার্ডে অর্থ পরিশোধের পরও টিকিট ইস্যু হয় না; অসফল লেনদেনের টাকা ফেরত পেতেও দিনের পর দিন ভোগান্তি পোহাতে হয় বলে যাত্রীদের অভিযোগ।

আফজাল হোসেন বলেন, নতুন সেবাদাতা নিয়োগের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে, যোগ্য যে কেউ তাতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় যে সর্বনিম্ন দরদাতা হবে এবং যার সক্ষমতা যাচাই করে দেখা হবে, তাকেই নিয়োগ দেওয়া হবে।

কর্মশালার বিকেলের অধিবেশনে রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও সচিব মো. ফাহিমুল ইসলাম উপস্থিত ছিলেন। রেলসচিব বলেন, মিটারগেজে তীব্র ইঞ্জিন সংকট রয়েছে; ২০২৯ সালের মধ্যে মিটারগেজে ৮০টি নতুন লোকোমোটিভ যুক্ত হওয়ার কথা। সারা দেশে ৬০ থেকে ৭০টি বন্ধ ট্রেন চালুর বিষয়ে তিনি জানান, লোকাল ও কমিউটার ট্রেন বন্ধ থাকায় আন্তঃনগর ট্রেনের এসি কোচেও দাঁড়িয়ে যাত্রী যাওয়ার অভিযোগ উঠছে। বন্ধ ট্রেনগুলোর অধিকাংশই মিটারগেজ, যা ইঞ্জিন ও কোচ সংকটের কারণে চালু করা যাচ্ছে না। তবে বন্ধ স্টেশন ও লুপ লাইন পর্যায়ক্রমে মেরামত করা হচ্ছে।

সচিব আরও জানান, ১৮টি নতুন কোচের প্রথম লটের ১২টি দিয়ে সম্প্রতি ঢাকা-পাবনা নতুন ট্রেন চালু হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নতুন কোচ ও ইঞ্জিন দিয়ে ঢাকা-খুলনা রুটে আরেকটি ট্রেন চালুর আশা করছেন তিনি। রেলওয়ের অপারেটিং রেশিও বর্তমানে ১ দশমিক ৯১ বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে মোট পণ্য পরিবহনের মাত্র ২ থেকে ৩ শতাংশ রেলে হয়; এটি ২০ শতাংশে উন্নীত করা গেলে রেল লাভ-লোকসান সমান পর্যায়ে আনতে পারবে।