ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জামিরদিয়ার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাদ্দাম (২৬) নামের এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে রবীন্দ্রের বুকে ও গলায় আঘাত করেন, এতে তাঁর মৃত্যু হয়। অভিযুক্ত সাদ্দামকে পুলিশ আটক করেছে। তিনি একই এলাকার বাবুল মিয়ার ছেলে। রবীন্দ্রের সেলুনের কাছেই সাদ্দামের বাবার একটি মুদিদোকান আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম প্রথমে সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন। প্রাণ বাঁচাতে রবীন্দ্র সেখান থেকে দৌড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন, কিন্তু সেখানেও তাঁকে বারবার ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে ফেলে তাঁকে আবারও ছুরিকাঘাত করা হয়।
রবীন্দ্রের স্ত্রী সূচিত্রা রানী ঋষির অভিযোগ, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তাঁর স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। আগেও সাদ্দাম তাঁর স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে জামিরদিয়া এলাকা থেকে হত্যায় জড়িত থাকার অভিযোগে সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত নিরপরাধ বলে গণ্য।