বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু, নয় মাসেরও বেশি সময় পর মুখোমুখি বৈঠক

জেনেভায় গত ফেব্রুয়ারির বৈঠকের পর এটিই প্রথম ত্রিপক্ষীয় আলোচনা; ইউরোপীয় প্রতিনিধিরাও আবুধাবিতে আছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন দফার ত্রিপক্ষীয় শান্তি আলোচনা মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের পাশাপাশি দুই দেশের মতপার্থক্য দূর করা এবং ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন নিরাপত্তাকাঠামো গড়ে তোলার বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

মস্কোর প্রতিনিধিদলের একটি সূত্র জানিয়েছে, চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দুই দেশের প্রতিনিধিদল মুখোমুখি বসে আছে, আর টেবিলের শীর্ষে আছেন মার্কিন দূতেরা। নয় মাসেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের প্রথম বৈঠক। এর আগে গত ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় ত্রিপক্ষীয় আলোচনা হয়েছিল; জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আবুধাবিতে আরও দুই দফা আলোচনা হয়েছে।

আলোচনার শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যেসব বিষয়ে এখনো মতপার্থক্য আছে, ওয়াশিংটন তা চিহ্নিত করেছে এবং ব্যবধান কমানোর কিছু উপায়ও তাদের হাতে আছে। তিনি জানান, দুই পক্ষের সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। যুদ্ধের পঞ্চম বছরে ট্রাম্প চান তাঁর দল আরও জোরালোভাবে সমাধানের চেষ্টা করুক। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান শান্তিপূর্ণভাবে সংঘাতের অবসানের আশা প্রকাশ করেন।

ইউক্রেনের প্রতিনিধিদলের প্রধান রুস্তেম উমেরভ বলেন, যুদ্ধ শেষ করতে জনগণ যেসব বিষয়ে সমাধান চায়, তা নিয়ে আলোচনার ম্যান্ডেট প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে তাঁরা পেয়েছেন; কিয়েভ স্থায়ী শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা চায়। রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কিও অগ্রগতির আশা প্রকাশ করেন। উমেরভ জানান, বৈঠকে ইউরোপীয় কমিশন, ন্যাটো, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিরাও অংশ নেবেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ভাষ্য, মূল আলোচনা হবে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। রাশিয়া দাবি করছে, ডনেৎস্কের যে অংশ এখনো কিয়েভের নিয়ন্ত্রণে, তা ছেড়ে দিতে হবে; না হলে তারা অভিযান চালিয়ে যাবে। ইউক্রেন এই দাবি নাকচ করেছে। ইউরোপ ও ইউক্রেন আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র কিয়েভের ওপর এমন সমঝোতা চাপিয়ে দিতে পারে, যা কার্যত আত্মসমর্পণের শামিল। আলোচনার আগে রাশিয়ার তীব্র হামলায় ফ্রন্টলাইনের একটি গ্রামে ত্রাণের জন্য সারিতে দাঁড়ানো ৫৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। জেলেনস্কির ভাষ্য, আলোচনার টেবিলে ইউক্রেনের অবস্থানের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই হামলা বাড়ানো হয়েছে।