মাদক সেবনের অভিযোগে আগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মেহেদী হাসানকে রাজশাহী শহরে মাদক সেবনের আসর থেকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে তাঁকে দেখতে পেয়ে আটকে রাখা হয়।
পরে বোয়ালিয়া থানায় খবর দিলে পুলিশের একটি দল গিয়ে তাঁকে হেফাজতে নেয়। ওই বাড়ি থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি বর্তমানে রাজশাহী শহরের ভদ্রা এলাকায় থাকেন। কয়েক মাস আগে তিনি রাজশাহীর চারঘাট থানায় কর্মরত ছিলেন। পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই সময় তাঁর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ওঠে। ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় তাঁকে সাময়িক বরখাস্ত করে রাজশাহী জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে, যার তদন্ত এখনো চলছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, মেহেদী যে ঘরে ছিলেন, সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে কোনো মাদকদ্রব্য মেলেনি। এ কারণে সরাসরি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা সম্ভব হয়নি। তিনি জানান, বিভাগীয় পুলিশ হাসপাতালে নতুন করে মেহেদীর ডোপ টেস্ট করানো হয়েছে এবং তার ফল নেগেটিভ এসেছে। বিষয়টি প্রতিবেদন আকারে জানিয়ে তাঁকে জেলা পুলিশ লাইনসে পাঠানো হচ্ছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, আগের ডোপ টেস্টে ফল পজিটিভ আসায় মেহেদীকে কয়েক মাস আগে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছিল। নতুন করে মাদক সেবনের আসর থেকে তাঁকে আটকের বিষয়টি তিনি শুনেছেন।
বিভাগীয় মামলার তদন্ত শেষ হওয়ার আগে এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আর কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা পুলিশ এখনো জানায়নি।