দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের আটটি বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রবেশপথ, বাইরের এলাকা ও ল্যান্ডসাইডে নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল ও যানবাহন তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায়। গত মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর গেটে বিআরটি উড়ালসেতু থেকে পরপর দুটি ককটেল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিমানবন্দরের বাইরের গেট লক্ষ্য করে ককটেল ছোড়া হলে উড়ালসেতুর নিচে থাকা তিনজন পথচারী আহত হন।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলে না, সেখানেও রাতে টহল ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে। শাহজালালের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) টহল বাড়ানো, নজরদারি জোরদার ও যানবাহন তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দর থানাকে উড়ালসেতুতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের টহল ও অবস্থান নিশ্চিত করতে বলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, বুধবার বেবিচকের সদর দপ্তরে নিরাপত্তা নিয়ে বৈঠক হয়েছে। সেখানে পুলিশের চেকপোস্ট স্থাপন এবং টহল ও নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিমানবন্দরসংলগ্ন উড়ালসেতুগুলোতে স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে; তবে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে এবং স্থায়ী ব্যবস্থা বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানে আগে থেকেই ক্যামেরায় নজরদারি আছে। এখন ল্যান্ডসাইডকেও ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারির সঙ্গে বিমানবন্দর এলাকা যুক্ত করার কথা ভাবা হচ্ছে, আর এপিবিএনও নিজস্ব ক্যামেরা বসানোর উদ্যোগ নিচ্ছে। এতে কোনো ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্টদের শনাক্ত করা সহজ হবে বলে তাঁরা মনে করছেন।