দেশের চারটি এয়ারলাইনসের কাছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ৭ হাজার ১২৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৫ হাজার ৮৬৮ কোটি ৮৫ লাখ টাকার বেশি পাওনা রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে। বাকি তিনটি বেসরকারি এয়ারলাইনসের কাছে পাওনা ১ হাজার ২৫৮ কোটি টাকার বেশি, আর এই তিনটি এয়ারলাইনসই এখন বন্ধ।
বেবিচকের অর্থ ও হিসাব বিভাগের তৈরি একটি হিসাব বিবরণীতে এসব তথ্য উঠে এসেছে। গত আগস্ট পর্যন্ত হিসাব নিয়ে বিবরণীটি তৈরি করা হয়েছে। ৭ নভেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে চার এয়ারলাইনসের কাছে পাওনার বিস্তারিত বিবরণী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। বিমানের পাওনার মধ্যে রয়েছে মূল বিল, মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং বিল পরিশোধে দেরির কারণে আরোপিত অতিরিক্ত ফি ও সারচার্জ। বেবিচকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক কাউছার মাহমুদ বিমানকে চিঠি দেওয়ার তথ্য নিশ্চিত করে বলেছেন, পাওনা পরিশোধে বিমানকে নিয়মিত তাগাদা দেওয়া হচ্ছে। বক্তব্য জানতে বিমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ২৪ নভেম্বর বিকেল পর্যন্ত সংস্থাটির পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।
বন্ধ তিন বেসরকারি এয়ারলাইনসের মধ্যে সবচেয়ে বেশি পাওনা রিজেন্ট এয়ারওয়েজের কাছে—৪৫৪ কোটি ৭১ লাখ টাকার বেশি। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৩৯১ কোটি ৭২ লাখ টাকার বেশি এবং জিএমজি এয়ারলাইনসের কাছে ৪১১ কোটি ৮০ লাখ টাকার বেশি। হিসাব বিবরণীতে এ তিনটির পাওনার মন্তব্যের ঘরে ‘মামলাধীন’ উল্লেখ করা হয়েছে। ফলে বকেয়া আদায় নিয়ে জটিলতায় পড়েছে বেবিচক।
এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া বেসরকারি এয়ারলাইনসগুলোর ১৩টি অকেজো উড়োজাহাজ পড়ে আছে দুটি বিমানবন্দরে; এর মধ্যে ১২টি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং একটি কক্সবাজারে। উড়োজাহাজগুলো ২০২৪ সালের ২৬ মে বাজেয়াপ্ত করে বেবিচক। ঢাকায় থাকা ১২টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে বিক্রির প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেবিচকের এক সূত্র জানিয়েছে, সচল উড়োজাহাজ হিসেবে কেনার মতো উপযুক্ত ক্রেতা পাওয়া যায়নি। বেবিচকের হিসাবে, এসব উড়োজাহাজ সরিয়ে ১২টি নতুন পার্কিং বে চালু করা গেলে দিনে প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা বাড়তি আয় সম্ভব হবে।