রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

প্রতিরোধযোগ্য রোগের সেবা গ্রামের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ উদ্যোগ বলে একটি গবেষণা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। তাঁদের ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তাঁর ভাষ্য, দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামে লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো প্রতিরোধ করা সম্ভব। অথচ স্বাস্থ্য খাতে বছরের পর বছর অবহেলার কারণে এসব রোগ প্রতিরোধের ব্যবস্থা যথাযথভাবে উৎসাহিত করা হয়নি।

জুবাইদা রহমান জানান, নতুন স্বাস্থ্যকর্মীরা দেশজুড়ে মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা পৌঁছে দিতে সহায়তা করবেন। সুস্থ বাংলাদেশ গড়তে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং জনসাধারণের আস্থা অর্জনের ওপরও তিনি গুরুত্ব দেন। গত ১২ বছরে মানুষের কাছে বৈজ্ঞানিক জ্ঞান ও স্বাস্থ্যসেবার সমাধান পৌঁছাতে আইদেশির প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি।

দিনব্যাপী অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বাংলাদেশে বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্য উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা হয়। স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি বর্তমানে ১০০ জনের বেশি সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও গবেষকের নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্র নিয়ে কাজ করছে। ফিরদৌসী কাদরী অনুষ্ঠানে জানান, প্রতিষ্ঠানটি থ্যালাসেমিয়া, ক্যানসার শনাক্তকরণ ও জিনগত রোগ নিয়ে গবেষণা করছে এবং কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়েও কাজ রয়েছে।