গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবারের আন্দোলনে আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। তবে শিল্পাঞ্চল পুলিশ বলছে, ওই আন্দোলনে কোনো শ্রমিক নিহত হননি।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেদিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই কারখানা ও আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন; অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। পরিস্থিতির কারণে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প্রথমে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে বেলা পৌনে ১২টার দিকে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম মুঠোফোনে বলেন, শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব এবং শ্রমিকদের মূল দাবি বেতন বৃদ্ধি। তাঁর ভাষ্য অনুযায়ী, আশপাশের সাত-আটটি কারখানার শ্রমিকেরা আন্দোলনে অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো অপচেষ্টা আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, চন্দ্রা, মৌচাক, গাছা, কাশিমপুর, কাঁচপুর ও শিমরাইলসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে আছেন। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য ডিভাইসের লাইভ ফুটেজের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।