সিরাজগঞ্জে এক নারী ও এক রিকশাচালক হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন আলাদা দুটি মামলায় এই রায় ঘোষণা করেন।
রায়ে নারী হত্যা মামলায় ওই নারীর স্বামীসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বামীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর দুই আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য মামলায় রিকশাচালক হত্যার দায়ে একজনকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী হত্যার অভিযোগে স্বামীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলার আসামিরা পলাতক। অন্যদিকে রিকশাচালক হত্যা মামলার আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের শাহীবাড়ি এলাকার আলম শেখ দুটি রিকশা ভাড়া দিয়ে জীবনযাপন করতেন। একই এলাকার এক ব্যক্তির সঙ্গে টাকা-পয়সা নিয়ে তাঁর বিরোধ ছিল। এর জেরে ২০২৩ সালের ৮ অক্টোবর ওই ব্যক্তি গরু জবাইয়ের ছুরি দিয়ে আলম শেখকে জবাই করে হত্যা করেন। নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছিলেন।
অপর মামলার ঘটনা ২০১৪ সালের। ওই বছরের ৯ ফেব্রুয়ারি দুপুরে সদর উপজেলার বড়হাটি এলাকায় যমুনা নদীর পাড় থেকে এক অজ্ঞাত নারীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। একজন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তের একপর্যায়ে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার নথি অনুযায়ী তাঁরা হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নিহত নারী ছিলেন আসামিদের একজনের স্ত্রী; যৌতুক নিয়ে বিরোধের জেরে তাঁকে হত্যা করে লাশ যমুনায় ফেলে দেওয়া হয়েছিল বলে নথিতে উল্লেখ আছে।