সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। তবে সরকারি কর্মচারীদের মতো তাঁরা এখনো নতুন কাঠামোয় বেতন পাচ্ছেন না। এ অবস্থায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকেরা শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রী এ কথা জানান। তবে কবে নাগাদ নতুন বেতনকাঠামো কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেননি।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে তাঁরা অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বেতনও পেয়েছেন বা পাচ্ছেন। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে।
বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার জন্য সরকার প্রতি মাসে আর্থিক অনুদান দেয়, যা এমপিও (মান্থলি পে অর্ডার) নামে পরিচিত। তাঁরা মূল বেতনের শতভাগ পান এবং এর সঙ্গে চিকিৎসা ভাতাসহ কিছু ভাতাও পান। গত বছর তাঁদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়; এর আগে মাসে এক হাজার টাকা করে বাড়িভাড়া মিলত। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় বেশি, সেগুলো এমপিওর বাইরেও অতিরিক্ত অর্থ দেয়, তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের সেই সক্ষমতা নেই। ফলে সরকারি অনুদানের ওপর নির্ভরশীল এসব শিক্ষক-কর্মচারীর জন্য নতুন কাঠামো কার্যকরের সময়টি গুরুত্বপূর্ণ। নতুন কাঠামো কার্যকর হলে তাঁদের মূল বেতন ও বাড়িভাড়া বাড়বে।