কৃষক ও কৃষির সঙ্গে জড়িত শিল্প উদ্যোক্তাদের আগে শুধু কৃষিঋণ দেওয়া হতো। এখন থেকে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও সংরক্ষণেও কৃষিঋণ পাওয়া যাবে। এ জন্য কৃষিঋণ নীতিমালায় বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের কৃষিঋণ বিভাগ ২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি প্রকাশ করে এসব নির্দেশনা দিয়েছে।
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণে চারটি প্রধান খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মোট কৃষিঋণের লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ ফসল উৎপাদনে, ১৫ শতাংশ কৃষি যন্ত্রপাতিতে, ১০ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণের নির্দেশনা রয়েছে। নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কৃষির পুরো মূল্য সংযোজন প্রক্রিয়াকে ঋণের আওতায় আনা। ফলে শুধু জমিতে ফসল উৎপাদন নয়, উৎপাদিত পণ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারে পৌঁছে দেওয়ার কাজেও ঋণ পাওয়া যাবে।
প্রকৃত কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, ভূমিহীন কৃষক এবং বর্গাচাষিদের ঋণপ্রাপ্তি সহজ করতে ইউনিয়ন পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংক কর্মকর্তারা ক্যাম্প করে কৃষকদের ঋণের তথ্য জানাবেন এবং ঋণ বিতরণের ব্যবস্থা করবেন। এতে ব্যাংকের শাখায় গিয়ে ঋণ নেওয়ার জটিলতা ও যাতায়াত খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
নতুন নীতিমালায় প্রিসিশন অ্যাগ্রিকালচার ও ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচারের জন্য আলাদা নির্দেশনা যুক্ত হয়েছে। প্রিসিশন অ্যাগ্রিকালচারে প্রযুক্তির মাধ্যমে জমির প্রয়োজন অনুযায়ী সার, পানি, বীজ ও কীটনাশক ব্যবহার করা হয়। আর খরা, বন্যা, লবণাক্ততা ও অতিবৃষ্টির সঙ্গে খাপ খাইয়ে উৎপাদন চালু রাখার পদ্ধতিকে বলা হয় ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার। কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প স্থাপনে দেওয়া ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে। জৈব সার উৎপাদন ও বিতরণেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বক্তব্য অনুযায়ী, নতুন নীতিমালার মূল লক্ষ্য কৃষিঋণ বিতরণ ও আদায় কার্যক্রম কার্যকর করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। এতে কৃষিতে বিনিয়োগের পরিধি বাড়ার পাশাপাশি কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজার সম্প্রসারণেও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করা হচ্ছে।