চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানাতে গিয়ে ঘটা বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম টমাস উদ্দিন (৩৫)। তিনি উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মর্তুজার ছেলে। তাঁর ফেসবুক অ্যাকাউন্টে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। অ্যাকাউন্টে দলটির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবিও আছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন বলে জানা গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বেলা আড়াইটার দিকে চৌকা এলাকার একটি খেতের পাশে কলাগাছের নিচে নিরিবিলি জায়গায় কয়েকজন মিলে ককটেল বানাচ্ছিলেন। সে সময় বিস্ফোরণ ঘটলে একজন নিহত হন, আহত হন তিন–চারজন। পরে তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরক ও কৌটা উদ্ধার করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ মরদেহ উদ্ধার এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। তিনি জানান, তাঁরা শুনেছেন নিহত ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন কর্মী; তবে তাঁর সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়। তাঁর সঙ্গে আরও দুই–তিনজন থাকতে পারেন বলেও জানান পুলিশ সুপার। তিনি আরও বলেন, যে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল, সেটি ভালো কাজের জন্য নয় বলেই তাঁদের ধারণা।