রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে সেবা বন্ধ, চুক্তির মেয়াদ শেষ হলেও নবায়ন হয়নি

সরকারি টেলিহেলথ সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ ১০ নভেম্বর শেষ হয়েছে; বকেয়া বিল নিয়েও দুই পক্ষের ভিন্ন বক্তব্য।

বিনা মূল্যে সরকারি টেলিহেলথ সেবা স্বাস্থ্য বাতায়ন বন্ধ হয়ে গেছে। ফলে ১৬২৬৩ নম্বরে ফোন করে আর চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে না। সেবাটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে।

স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ পরিচালনা করত বেসরকারি প্রতিষ্ঠান সিনেসিস আইটি। ১২ নভেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালককে (এমআইএস) চিঠি দিয়ে কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। কাগজপত্র অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হয় ১০ নভেম্বর। প্রতিষ্ঠানটি মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর তা বাড়ায়নি।

গতকাল শনিবার বিকেলে ১৬২৬৩ নম্বরে ফোন করে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে রাত ৮টা ৩৬ মিনিটে সরকারের জাতীয় তথ্যসেবা ৩৩৩ নম্বরে ফোন করলে জানানো হয়, শুধু ১৬২৬৩ থেকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। কলটি ১৬২৬৩ নম্বরে স্থানান্তর করা হলে জানানো হয়, সেবাটি বন্ধ আছে।

স্বাস্থ্য বাতায়ন চালু হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। সেখানে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা তিন পালায় কাজ করতেন। মানুষ দিনে-রাতে যেকোনো সময় ফোন করে চিকিৎসাবিষয়ক পরামর্শ নিতে পারতেন। ২০২০ সালে করোনা মহামারির সময় এটি মানুষের কাছে সবচেয়ে প্রয়োজনীয় হয়ে ওঠে, তখন সংক্রমণের ভয়ে অনেকে হাসপাতালে যেতে সাহস পেতেন না।

সোহরাব আহমেদ চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগ চায়নি বলে সেবাটি বন্ধ হয়ে গেছে। তাঁর ভাষ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের কাজের সমন্বয়হীনতার কারণে নতুন চুক্তি হয়নি। তিনি দাবি করেন, ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ অধিদপ্তরের কাছে তাঁদের ১৬ কোটি টাকা পাওনা আছে এবং সেই টাকা দেওয়ার ব্যাপারে কারও কারও অনাগ্রহ রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির বিল বাকি আছে এবং তারা বকেয়া টাকা চেয়েছে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে, যারা বিষয়টি দেখছে। তবে তিনি জানান, সেবাটি খুব শিগগির আবার চালু হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজির আহমেদ স্বাস্থ্য বাতায়ন বন্ধ হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, সব সেবা হাসপাতালে দেওয়া যায় না; টেলিমেডিসিনের মতো সেবার সুযোগ এখন আরও বেশি দরকার।