বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সিলেটের বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক, পতাকা বৈঠক চেয়েছে বিজিবি

গোয়াইনঘাটের সীমান্তে বাংলাদেশের ভেতরে প্রায় ২০০ গজ ঢুকে পড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় বাংলাদেশের ভেতরে তাঁকে আটক করা হয়।

বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, বিছনাকান্দি সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল দায়িত্ব পালন করছিল। এ সময় বাংলাদেশ সীমান্তের প্রায় ২০০ গজ ভেতরে ওই বিএসএফ সদস্যকে অস্ত্রসহ দেখতে পেয়ে তাঁকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি সীমান্তচৌকির (বিওপি) ক্যাম্পে রাখা হয়েছে। তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানেই আছে।

তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। বিজিবি জানিয়েছে, তাঁর বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। অধিনায়ক আরও বলেন, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিএসএফ সদস্যটি কেন সীমান্তের ভেতরে ঢুকেছিলেন, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। বিএসএফের পক্ষ থেকেও এ ঘটনায় কোনো বক্তব্য জানা যায়নি।