মালয়েশিয়ার একটি সরবরাহ ও লজিস্টিক প্রতিষ্ঠানে বিনা খরচে কাজের সুযোগ পাচ্ছেন ১১২ জন বাংলাদেশি। এ জন্য রোববার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে। বিকেল সাড়ে চারটায় প্রবাসীকল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর বিকেল চারটা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। ইলেকট্রনিক পদ্ধতিতে লটারির মাধ্যমে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। লটারির সময় মন্ত্রণালয়ের প্রতিনিধি, বোয়েসেলের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে নির্বাচিতদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা হবে নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে। এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। চূড়ান্ত তালিকা শিগগিরই বোয়েসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক বলেন, আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানো বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার, আর এ ধরনের উদ্যোগ সেই লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে এই প্রথম লটারির মাধ্যমে যোগ্য ও দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নির্বাচিত কর্মীদের ফ্লাইট শুরু হবে। তিনি আরও জানান, পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে মালয়েশিয়ায় আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্র বোয়েসেল পেয়েছে; এসব কর্মীর মেডিক্যাল পরীক্ষা ও বিমানভাড়াসহ সব খরচ নিয়োগকর্তা বহন করবেন।