নেত্রকোনার মোহনগঞ্জে বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ ওঠার তিন দিন পর বিদ্যুৎ ফিরে পেয়েছেন গ্রাহক স্বপন মিয়া। রোববার দুপুরে তাঁর বাড়িতে সংযোগ পুনঃস্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি।
স্বপন মিয়ার স্ত্রী আসমা আক্তার জানান, দুপুর আড়াইটার দিকে যে দুজন আগে সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন, তাঁরা এবং আরও একজনসহ মোট তিনজন বাড়িতে আসেন। মিটারে তার সংযুক্ত করে তাঁরা সংযোগ চালু করে দেন। সংযোগ দেওয়ার আগে তাঁরা একটি সাদা কাগজে স্বাক্ষর নিতে চেয়েছিলেন, কিন্তু তিনি স্বাক্ষর করেননি।
আসমা আক্তার বলেন, বিল কেন বেশি এসেছে—শুধু এটুকু জানতে চাওয়ায় কেন তাঁকে হয়রানি করা হলো, সে প্রশ্ন তিনি পল্লী বিদ্যুতের কর্মীদের করেছিলেন। তাঁর ভাষ্য, কর্মীরা পরে ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেন এবং কাউকে গালিগালাজ না করতে অনুরোধ করেন। তিনি কাউকে গালিগালাজ করেননি দাবি করে বলেন, সংযোগ ফিরিয়ে দেওয়া ও দুঃখ প্রকাশের পর কর্মীদের বিরুদ্ধে তাঁর আর কোনো অভিযোগ নেই।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলম জানান, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তিনি গুরুত্ব দিয়ে তা দেখেছেন এবং সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন। সরেজমিনে পরিস্থিতি দেখে সংযোগ দিতে ওই দুই কর্মীর সঙ্গে একজন কর্মকর্তাকেও পাঠানো হয়েছিল। সংযোগ কেন বিচ্ছিন্ন করা হলো, তা তাঁরা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি।
গত বৃহস্পতিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়নের আলীপুর গ্রামে স্বপন মিয়ার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বিল একসঙ্গে ৩ হাজার ১০০ টাকা পরিশোধের পর অক্টোবরের বিল আসে ৮৭০ টাকা। এ নিয়ে কথা-কাটাকাটির জেরে সংযোগ কাটা হয়েছে বলে অভিযোগ করেন আসমা আক্তার। পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের দাবি ছিল, বিল দিতে গেলে কর্মীদের গালিগালাজ ও এক কর্মকর্তাকে হুমকি দেওয়ায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।