রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

দেশে আবার হুপিং কাশি শনাক্ত, রাজধানীতে পাঁচজন চিকিৎসাধীন

হামের প্রাদুর্ভাবের মধ্যে নতুন করে হুপিং কাশির রোগী শনাক্তের খবর দিয়েছে আইইডিসিআর; বিশেষজ্ঞরা টিকাদানে ঘাটতিকে এর কারণ বলছেন।

রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। হামের প্রাদুর্ভাবের মধ্যে এবার নতুন করে এ রোগের খবর পাওয়া গেল। সরকারি কর্মকর্তারা বলছেন, এ রোগে ভয় পাওয়ার কিছু নেই, দেশে এর চিকিৎসা আছে।

শনিবার আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকী বলেন, রাজধানীতে হুপিং কাশির রোগী শনাক্ত হয়েছে। ইতিমধ্যে পাঁচজন রোগীর কথা জানা গেছে এবং তাঁরা চিকিৎসাধীন। রাজধানীর বাইরে অন্য কোথাও রোগী শনাক্ত হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

হুপিং কাশি শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগ, যা টিকায় প্রতিরোধযোগ্য। ‘বরডেটেলা পারটুসিস’ নামের ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। যেকোনো বয়সে হতে পারলেও শিশুদের ক্ষেত্রে এটি মারাত্মক হতে পারে। আক্রান্ত হলে কয়েক সপ্তাহ পর্যন্ত কাশি থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে দেশে হুপিং কাশির কোনো রোগী ছিল না। ২০১৮ সালে শনাক্ত হয় তিনজন, ২০১৯ সালে ১২ জন এবং ২০২০ সালে একজন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি।

রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, টিকা না পাওয়ার কারণে যেমন হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, একই কারণে হুপিং কাশি ফিরে এসেছে। তাঁর ভাষ্য, হুপিং কাশি, ডিফথেরিয়া বা ধনুষ্টংকারের মতো রোগ ফিরে আসার যে আশঙ্কা ছিল, এ শনাক্তের মধ্য দিয়ে তা সত্য হলো।

আইইডিসিআর, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) ঢাকার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট জনস্বাস্থ্যবিদ ও টিকাবিশেষজ্ঞরা বলেছেন, রোগটি ফিরে আসা উদ্বেগজনক এবং এতে শিশুদের টিকা পাওয়ার ঘাটতির দিকটি আরও স্পষ্ট হয়েছে।