ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন আগামী সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তাঁর এ সফর। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এবারের সফরে ঢাকায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরসূচি অনুযায়ী তিনি কক্সবাজারে যাবেন এবং সেখানে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শনের কথা রয়েছে, যেখানে তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে জানবেন।
বিবৃতি অনুযায়ী, সফরে তিনি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরবেন। সফরের অন্যান্য কর্মসূচির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।