রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে বোরো মৌসুমের চাল সংগ্রহের তথ্য চেয়ে পাননি সাংবাদিকেরা, জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

কোন চালকল থেকে কত মেট্রিক টন সিদ্ধ চাল কেনা হয়েছে, তা জানতে চাইলে নানা অজুহাতে এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এহসানুল হকের বিরুদ্ধে।

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এহসানুল হকের বিরুদ্ধে সাংবাদিকদের দাপ্তরিক তথ্য দিতে গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ উঠেছে। তথ্য জানতে তাঁর দপ্তরে গেলে কখনো প্রশ্ন বুঝতে না পারার ভান, কখনো পরে জানানোর আশ্বাস, আবার কখনো তথ্য নেই বলে এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণমাধ্যমকর্মীরা।

সংবাদকর্মীদের ভাষ্য অনুযায়ী, গত ১১ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে কয়েকজন সাংবাদিক জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে যান। ২০২৫–২৬ অর্থবছরের বোরো মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহের জন্য রাজশাহীর নয়টি উপজেলায় কতটি চালকলের সঙ্গে সরকারের চুক্তি হয়েছে এবং কোন মিলের কাছ থেকে কত মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে, তা তাঁরা জানতে চান। ওই মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রম গত সেপ্টেম্বরেই শেষ হয়েছে।

সাংবাদিকদের অভিযোগ, তথ্য চাওয়ার কারণ জানতে চান খাদ্য নিয়ন্ত্রক। পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য প্রয়োজন, এ কথা জানানো হলে তিনি পরদিন যোগাযোগ করতে বলেন। পরদিন মুঠোফোনে ও মেসেজিং অ্যাপে যোগাযোগ করা হলে তিনি অফিসের প্রধান সহকারীর কাছ থেকে সরাসরি উপস্থিত হয়ে তথ্য নিতে পরামর্শ দেন। ই-মেইল বা মেসেজিং অ্যাপে তথ্য পাঠালে সুবিধা হবে জানানো হলেও তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন বলে অভিযোগ।

পরে প্রধান সহকারীর কাছ থেকে পাওয়া তথ্যে শুধু চুক্তিবদ্ধ চালকলের নাম ছিল; কোন মিল থেকে কত মেট্রিক টন চাল কেনা হয়েছে, সেই মূল তথ্য ছিল না। এ বিষয়ে জানতে চাইলে প্রধান সহকারী জানান, খাদ্য নিয়ন্ত্রক তাঁকে ওই তথ্য দিতে বলেননি। আবার যোগাযোগ করা হলে খাদ্য নিয়ন্ত্রক জানান, এসব তথ্য তাঁর কাছে নেই এবং প্রয়োজনে সাংবাদিকেরা চালকল মালিকদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে পারেন।

সাংবাদিকদের প্রশ্ন, সরকারি চাল সংগ্রহ যেখানে এই দপ্তরের মাধ্যমেই হয়েছে, সেখানে কোন মিলের সঙ্গে কী পরিমাণ চাল সরবরাহের চুক্তি হয়েছে এবং শেষ পর্যন্ত কত চাল সংগ্রহ হয়েছে, তার দাপ্তরিক নথি থাকার কথা। ব্যাখ্যা চাইলে খাদ্য নিয়ন্ত্রক কড়া ভাষায় কথা বলেন এবং এসব তথ্য দেওয়া যায় না বলে মন্তব্য করেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।

এর আগে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে খাদ্য ক্রয় প্রক্রিয়া ও ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগের অগ্রগতি জানতে চাইলেও সন্তোষজনক তথ্য পাওয়া যায়নি বলে জানান সংবাদকর্মীরা। তাঁদের বক্তব্য, জনস্বার্থসংশ্লিষ্ট এসব তথ্য সরকারি দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহির জন্য জরুরি। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রকাশযোগ্য তথ্য চাইলে তা পাওয়ার সুযোগ আছে বলেও তাঁরা উল্লেখ করেন।