মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে আজ রোববার সকালে সাভার ও আশুলিয়ার বেশির ভাগ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে। তবে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে এখন পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গাজীপুরে অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং দুই জায়গায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, বন্ধ কারখানার মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ৩৬টি, অনির্দিষ্টকালের জন্য ১৪টি এবং মৌখিকভাবে পাঁচটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানার সামনে টাঙানো নোটিশে বলা হয়েছে, বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিকেরা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। তবে পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে থাকেন। পরিস্থিতি স্থিতিশীল রাখতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতার কারণে এ পর্যন্ত ৫৫টি কারখানা বন্ধ করা হয়েছে এবং আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বসে আছেন।
গাজীপুরে সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। সকাল ৯টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করে একটি কারখানার সামনে অবস্থান নেন এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের সরিয়ে দেয়।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা সকালে আলাদা স্থানে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা সম্ভব হয়নি। শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকায় ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজসহ ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড ও মৌচাকের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
কারখানার নোটিশে বলা হয়েছে, ন্যূনতম মজুরি অনুমোদন, প্রকাশ ও বাস্তবায়নের বিষয়ে সরকার ও বিজিএমইএ পরিষ্কারভাবে জানানোর পরও মজুরি ঘোষণার দাবিতে বহিরাগত শ্রমিকদের অসন্তোষ ধ্বংসাত্মক রূপ নেয়—এমনটাই উল্লেখ করা হয়েছে। এর আগে মালিকপক্ষ ১৪৭টি কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছিল এবং জানিয়েছিল, ১৬ নভেম্বর মজুরি বোর্ডে প্রস্তাব দেবে বিজিএমইএ।