রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মঠবাড়িয়ায় আদালত চত্বরে কোর্ট পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, একটি উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার রাতে আদালতের ফটকে দুটি ককটেল ছোড়া হয়; একটি বিস্ফোরিত হয়েছে, কেউ হতাহত হননি।

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে কোর্ট পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশে অবস্থিত আদালতের ফটকের সামনে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল ছোড়ে। এর মধ্যে প্রথমটি বিস্ফোরিত হলেও দ্বিতীয়টি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি পালনকে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।