বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন, তদন্ত চলছে

জোড়পুকুর এলাকার টিনশেড বাড়িতে মঙ্গলবার রাতে আগুন লাগে; কে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো বাড়িতে আগুন লেগেছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোজাম্মেল হক। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে তিনি পলাতক আছেন বলে জানা গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, মহানগরীর জোড়পুকুর এলাকায় একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি বলেন, বাড়িটি কার, তা তাঁর জানা ছিল না।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে এই বাড়িতেই বসবাস করতেন মোজাম্মেল হক। পরে তিনি মহানগরীর হায়দরাবাদ এলাকায় নতুন বাড়ি করে সেখানে থাকতেন।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে প্রকাশের সময় পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।