রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ এক গৃহবধূ মারা গেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
সুলতান মাহমুদ শিকদার জানান, মারা যাওয়া নারীর শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। তাঁর দেড় বছর বয়সী সন্তানের শরীরের ৫৭ শতাংশ পুড়েছে এবং শিশুটির অবস্থা আশঙ্কাজনক। একই ঘটনায় দগ্ধ আরও তিনজনের মধ্যে আবদুর রহমানের (৩২) শরীরের ৬ শতাংশ, সানজিদার (২০) ৩৭ শতাংশ ও সামসুন নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাঁরা চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান বাজার এলাকার কাঞ্চন টাওয়ার নামের ১০ তলা আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে এক শিশুসহ পাঁচজন দগ্ধ হন।
প্রতিবেশী সুমনের ভাষ্য অনুযায়ী, আগের রাতে রান্নার জন্য চুলা চালু করা হয়েছিল, কিন্তু তখন গ্যাস না থাকায় রান্না করা যায়নি। পরে চুলা বন্ধ করতে ভুলে যান বাসার লোকজন। রাতের কোনো এক সময় গ্যাস সরবরাহ শুরু হলে তা ঘরে ছড়িয়ে পড়ে। পরদিন সকালে চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায় এবং মুহূর্তে পুরো বাসায় ছড়িয়ে পড়ে।
আবদুর রহমানের মা রহিমা বেগম জানান, আবদুর রহমান একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন এবং স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সামসুন নাহার ও তাঁর মেয়ে সানজিদা সাবলেট হিসেবে থাকতেন।