সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বইয়ের মুদ্রণ ও বাঁধাই বন্ধের নির্দেশ

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই সময়মতো ছাপা ও বিতরণ নিশ্চিত করতে সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক বইয়ের মুদ্রণ স্থগিত রাখতে বলেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড এবং অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত গত ১৯ নভেম্বরের এ-সংক্রান্ত একটি চিঠি রোববার (২২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল স্তরের শিক্ষার্থীদের জন্য এনসিটিবি বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপা ও বিতরণের কাজ করছে। এই দায়িত্ব সুষ্ঠু, নির্বিঘ্ন ও সময়মতো সম্পন্ন করার স্বার্থেই ৩১ ডিসেম্বর পর্যন্ত সব শ্রেণির নোট-গাইড ও অনুশীলনমূলক বইয়ের মুদ্রণ এবং বাঁধাই সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।

নির্দেশনাটি মাউশির মাধ্যমে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে জানানোর অনুরোধ করা হয়েছে। প্রতি শিক্ষাবর্ষের শুরুতেই পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া এনসিটিবির প্রধান লক্ষ্য। এ কারণে ছাপাখানাগুলোকে পাঠ্যবইয়ের কাজকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।