পাহাড়ি অঞ্চলের ফল হিসেবে পরিচিত কমলা এবার ফলেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সমতল মাটিতে। কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের কৃষক আবদুল গফফারের প্রায় আড়াই বিঘার বাগানে চায়না থ্রি জাতের ১৪৪টি গাছে ফল ধরেছে। সাত থেকে আট বছর বয়সী কোনো কোনো গাছে এক থেকে দেড় মণ পর্যন্ত কমলা হয়েছে।
একসময় বিদেশে ছিলেন গফফার। দেশে ফিরে আট-নয় বছর ইলেকট্রিক মালামালের ব্যবসা করেন। ২০১৮ সালের দিকে অবসর সময়ে ইউটিউবে চায়না থ্রি কমলা চাষের একটি ভিডিও দেখে তাঁর আগ্রহ তৈরি হয়। এরপর অন্য একটি জেলার বাগান ঘুরে কমলা খেয়ে, মাটি ও আবহাওয়া দেখে চাষের সিদ্ধান্ত নেন। করোনার সময় চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে প্রায় ২০০টি কলমের চারা এনে রোপণ করেন। রোপণের তিন বছর পর গাছে ফল আসতে শুরু করে।
গফফার জানান, সার, কীটনাশক ও পরিচর্যায় বছরে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া দুজন শ্রমিকের প্রত্যেককে মাসে ছয় থেকে সাত হাজার টাকা মজুরি দিতে হয়। বর্তমানে বাগান থেকে প্রতি কেজি কমলা ১৩৭ টাকা দরে বিক্রি করছেন তিনি। পাইকারেরা কমলা কিনে ঢাকায় নিয়ে যান। খুচরা বাজারে প্রতি কেজির দাম ১৬০ থেকে ২০০ টাকা। এ মৌসুমে তিনি চার থেকে পাঁচ লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ৬৫ জন কৃষক কমলা চাষ করছেন। আবাদি জমির পরিমাণ ১০ হেক্টর। হেক্টরপ্রতি গড় ফলন ১১ মেট্রিক টন ধরে জেলায় বছরে প্রায় ১১০ মেট্রিক টন কমলা উৎপাদিত হচ্ছে। অধিদপ্তরের উপপরিচালক ইকবাল আহমেদ জানান, বিঘাপ্রতি কমলা বিক্রি থেকে আয় ১ লাখ ৭৬ হাজার ৪০ টাকা, উৎপাদন ব্যয় ৫৫ হাজার টাকা; সে হিসাবে সম্ভাব্য লাভ ১ লাখ ২১ হাজার ৪০ টাকা।
কলারোয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মৃণাল কান্তি মণ্ডল বলেন, চায়না থ্রি ও ম্যান্ডারিন জাতের কমলা এ অঞ্চলের জন্য উপযোগী। আবহাওয়া তুলনামূলক উষ্ণ ও আর্দ্র হওয়ায় এখানে কমলা চাষের সম্ভাবনা আছে। তাঁর মতে, উৎপাদন বাড়লে আমদানি করা কমলার ওপর নির্ভরতা কমানো সম্ভব। তবে শুধু ভিডিও দেখে চাষ শুরু না করে মাটি, আবহাওয়া, জাত ও চাষপদ্ধতি সম্পর্কে জেনে কৃষি বিভাগের পরামর্শ নিয়ে এগোনো উচিত বলে তিনি মনে করেন।