সারা দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে আগামী তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকায় চলাচলের জন্য ২০০টি বাস বরাদ্দের পরিকল্পনা রয়েছে; বাকি বাসগুলো রাজধানীর বাইরের বিভিন্ন রুটে চালানো হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গণপরিবহন সেবার মান উন্নয়নের লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে।
পরিকল্পনা অনুযায়ী ঢাকার জন্য প্রাথমিকভাবে ২০০টি বাসের বহর গড়ে তোলা হবে। প্রথম ধাপে ৫০টি বাস আসার কথা রয়েছে। এরপর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ১০০টি বাস আসবে বলে আশা করা হচ্ছে। ঢাকার জন্য পরিকল্পিত বাসগুলোর মধ্যে ৫০টি হবে গোলাপি রঙের, যা কেবল নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। আরও ৫০টি হবে লাল রঙের সাধারণ সেবার বাস, যেখানে নারী ও পুরুষ উভয় যাত্রী চলাচল করতে পারবেন।
বাসগুলোর আকারেও ভিন্নতা থাকবে। নারীদের জন্য নির্ধারিত গোলাপি বাসের দৈর্ঘ্য হবে তুলনামূলক কম, ৯ মিটার। লাল রঙের সাধারণ সেবার বাসগুলোর দৈর্ঘ্য হবে ১২ মিটার। বাসের আসনসংখ্যা এখনো চূড়ান্ত হয়নি; আকার ও অভ্যন্তরীণ বিন্যাসের ওপর নির্ভর করে তা নির্ধারিত হবে বলে আশা করা হচ্ছে। বৈদ্যুতিক বাসের নির্বিঘ্ন পরিচালনা নিশ্চিত করতে ঢাকায় রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি সুবিধার জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দের পরিকল্পনাও রয়েছে সরকারের।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জেনারেল ম্যানেজার (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) প্রকৌশলী ফাতিমা বেগম বলেন, এসব বাস চালানোর জন্য হালকা যান চালানোর লাইসেন্সধারী নারী চালকদের ভারী যান চালানোর উপযোগী করে গড়ে তুলতে বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের সম্পূর্ণ বিনা মূল্যে এক থেকে চার মাস মেয়াদি ভারী যান চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি জানান, নারীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত বৈদ্যুতিক গোলাপি বাস সেবা চালু করতে যাচ্ছে বিআরটিসি। এর আগে বিভিন্ন রুটে নারী চালক পরিচালিত গোলাপি বাস সেবা চালু হয়েছে এবং তাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি। উদ্যোগের মূল লক্ষ্য প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো, বায়ুদূষণ হ্রাস করা এবং ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে টেকসই ও যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা।