বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে চলা তদন্তের ফল প্রকাশের পর প্রস্তাবিত শুল্ক আগের শুল্কের সঙ্গে যুক্ত হবে বলে জানা গেছে।

বাংলাদেশসহ বিশ্বের ১৬টি বড় বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব দেশের ওপর নতুন আমদানি শুল্ক বসতে পারে। এতে বাংলাদেশি পণ্যের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ আরও ব্যয়বহুল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে জানা গেছে, মঙ্গলবার বিকেলেই তদন্তের ফল প্রকাশ হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর নতুন শুল্কের প্রস্তাব দেবে। এই শুল্ক ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে আগে আরোপ করা শুল্কের সঙ্গে যুক্ত হবে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকটি শুল্ক বাতিল করেছিলেন; নতুন শুল্কের মাধ্যমে সেগুলোর কিছু অংশ প্রতিস্থাপনের পরিকল্পনা আছে।

১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর দেশটির অধিকাংশ বড় বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্ত করছে। তদন্তের আওতায় থাকা ১৬টি অংশীদার হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, কম্বোডিয়া ও ইউরোপীয় ইউনিয়ন।

নতুন শুল্কের হার এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, দেশভেদে হার আলাদা হবে এবং মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিক নতুন শুল্কের সম্ভাবনা কম। বিভিন্ন দেশের সঙ্গে চূড়ান্ত হওয়া বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ হার বহাল রাখা হবে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এই সীমা ১৫ শতাংশ, মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ। চীনের পণ্যে ২০ শতাংশের সীমা বহাল থাকার কথা, তবে আগামী ১০ জানুয়ারি শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যবিরতি বাড়ানো হলেই কেবল তা কার্যকর থাকবে।

সাবেক মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, তদন্তের ফলাফলে ১৬ অংশীদারের জন্য আলাদা শুল্কের প্রস্তাব থাকতে পারে। তাঁর মতে, বিভিন্ন খাতের পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব আসতে পারে। এর সঙ্গে জোরপূর্বক শ্রমবিরোধী আইন যথাযথভাবে প্রয়োগ না করার অভিযোগে পৃথক তদন্তের আওতায় ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও যুক্ত হতে পারে। আবার অতিরিক্ত সক্ষমতা কমাতে সময় দিয়ে তুলনামূলক কম শুল্কের প্রস্তাবও আসতে পারে; সে ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে উৎপাদন না কমালে ধাপে ধাপে শুল্ক বাড়ানোর শর্ত থাকতে পারে।