সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রবাসফেরত দম্পতিকে কুপিয়ে জখমের অভিযোগ, ঢাকায় চিকিৎসা

কুমিল্লার দাউদকান্দির মন্থন গ্রামে রোববার সন্ধ্যায় বড় ভাইয়ের পরিবারের বিরুদ্ধে ফয়েজ আহমেদ প্রধান ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসফেরত দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মন্থন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রবাসীর আপন বড় ভাই ও তাঁর পরিবারের লোকজন এই হামলা চালিয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ফয়েজ আহমেদ প্রধান (৩৮) ও তাঁর স্ত্রী শেফালী আক্তার (৩৪)। তাঁদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, ফয়েজ ও শেফালী প্রায় ১৮ বছর লেবাননে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে তাঁরা নিজেদের বসতবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফয়েজের বড় ভাই নজরুল ইসলাম প্রধানের বাড়ি তাঁদের বাড়ির পাশেই। বাড়ির সীমানা নিয়ে নজরুলের সঙ্গে ফয়েজ দম্পতির বিরোধ দেখা দেয়।

জামাল উদ্দিনের দাবি, রোববার মাগরিবের নামাজের পর বাড়ির সীমানা বুঝিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল, তাঁর স্ত্রী সাহানারা আক্তার ও ছেলে রাতুল ইসলাম প্রধান ধারালো অস্ত্র দিয়ে ফয়েজ ও শেফালীকে কুপিয়ে জখম করেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নজরুল ইসলাম প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী শল্যচিকিৎসক নাহিদ হাসান বলেন, আহত দুজনের হাত, কানসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ও মারধরের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।