বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

গাজীপুরের মৌচাকে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডের পর সরলেন শ্রমিকেরা

কালিয়াকৈরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিক কাজে না গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন; বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকেরা কারখানায় গেলেও কাজে যোগ না দিয়ে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হলে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল।

সকাল ১০টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ধাওয়া দেয়। এতে শ্রমিকেরা মহাসড়কের অন্য স্থানে আবার জড়ো হতে শুরু করেন। পরে আবার ধাওয়া দিলে তাঁরা মহাসড়ক ছেড়ে যান। বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়, তবে সড়কে কিছুটা ধীরগতি ছিল।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করেন। তিনি জানান, পল্লী বিদ্যুতের শ্রমিকেরাও মহাসড়কে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বুঝিয়ে সরানো হয়েছে। জরুন এলাকার দিকেও শ্রমিকেরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। সব মিলিয়ে আট থেকে নয়টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে বলে তিনি জানান।