নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। এর ফলে দেশের ব্যস্ততম রেল করিডোর ঢাকা-চট্টগ্রাম রুটেও বৈদ্যুতিক ট্রেনের সংযোগ স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ বেছে নেওয়া হয়েছে। পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে এবং ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।
পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকবে, ফলে দিক পরিবর্তনের জন্য ট্রেন আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চালানো যাবে।
রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ রাজধানীকে প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে। এ পথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে, যাতায়াতের সময় ও পরিচালন ব্যয়ও কমবে। বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টিইইউ কনটেইনার পরিবহন করা হয়। সম্প্রসারণে যাত্রীসেবার মানোন্নয়ন ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।