জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার। এতে চলতি বছরের মার্চ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান হয়েছে ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা। আন্তর্জাতিক বাজারের তুলনায় কম দামে তেল বিক্রি করেও আট মাস ধরে সংস্থাটি নিজস্ব তহবিল দিয়ে আমদানি কার্যক্রম সচল রেখেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে দাম পুনর্নির্ধারণ করা হবে।
এলপিজি আমদানি ও নতুন প্ল্যান্ট
বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাজার নিয়ন্ত্রণ ও গ্যাসের সংকট কমাতে বিপিসি সরাসরি সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির মাধ্যমে বিদেশ থেকে এলপিজি আমদানির প্রক্রিয়া শুরু করেছে। দ্রুত আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সই হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে।
সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী; জমি অধিগ্রহণসহ প্রাথমিক কাজ শুরু হয়েছে। মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায়ও এ ধরনের প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম চলছে। মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এলপিজির বাজারমূল্য নিয়ন্ত্রণ ও সরকার নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে সারা দেশে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিদ্যুৎ ও গ্যাস
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিভিন্ন বিতরণ প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে গড়ে প্রতি ইউনিট ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে। সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে গড়ে প্রতি ইউনিট ১৩ টাকা ২০ পয়সায় বিদ্যুৎ কিনেছে। ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দেয়; ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে এই ভর্তুকির পরিমাণ ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা।
জামায়াতের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৩৫ শতাংশ আমদানি করা এলএনজি পুনর্গ্যাসীকরণের মাধ্যমে পাইপলাইনে সরবরাহ করা হয়। চাহিদা মেটাতে উচ্চমূল্যে এলএনজি আমদানি করে গ্রাহকদের নির্ধারিত দামে গ্যাস দিতে হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এলএনজি আমদানির ব্যয় আরও বেড়েছে, তবে আমদানি মূল্যে গ্রাহকদের কাছে গ্যাস বিক্রি করা সম্ভব হয় না বলে জানান তিনি।