মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

পোশাক খাতের মজুরি বোর্ডের পৌনে ৯ ঘণ্টার সভা মুলতবি, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; মঙ্গলবার আবার বৈঠক

দুই পক্ষই দুই দফা প্রস্তাব সংশোধন করেছে; বোর্ডের দুই সদস্য বলছেন, মঙ্গলবার মজুরি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে গঠিত মজুরি বোর্ডের সভা পৌনে ৯ ঘণ্টা চলার পর মুলতবি হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২টায় শুরু হয়ে দুবার বিরতি দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত সভা চলে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আজকের সভা মুলতবি করা হয়েছে। মঙ্গলবার বেলা দুইটায় মুলতবি সভা আবার শুরু হবে।

সভায় নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে ছিলেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম।

এই সভায় মালিকপক্ষ তাদের মজুরি প্রস্তাব দিয়েছে। তবে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, প্রস্তাবের অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে না। ফলে বোর্ডের কোনো সদস্য এ নিয়ে কথা বলতে রাজি হননি। বিকেলে সাংবাদিকেরা জানতে চান, মালিকদের প্রস্তাব ১৪ হাজার ৩০০ টাকা নাকি ১৪ হাজার ৫০০ টাকা। জবাবে বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘এটির ওপরে ইনশাআল্লাহ।’

একাধিক সূত্র জানায়, আলোচনায় শ্রমিকপক্ষ দুই দফা এবং মালিকপক্ষও প্রাথমিক প্রস্তাব থেকে দুই দফা বাড়িয়ে সংশোধিত প্রস্তাব দিয়েছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ সব সময় কিছুটা কম প্রস্তাব দিয়ে শুরু করে। তাদের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি, তবে এটিই চূড়ান্ত নয়। বোর্ডের দুজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মঙ্গলবারই মজুরি চূড়ান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে শ্রমিকেরা আন্দোলন করছেন। আন্দোলনের মুখে ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা হয়। ৯ নভেম্বরের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন।