ম্যাথু ব্রিটস্কির দুর্দান্ত সেঞ্চুরি এবং মার্কো ইয়েনসেনের ঝোড়ো ইনিংসে দক্ষিণ আফ্রিকা বড় সংগ্রহ পায়। এরপর কেশব মহারাজের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়াকে পরাজিত করে দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল।
বৃহস্পতিবার ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ৬৭ রানের বিশাল জয় তুলে নেয়। ২৯৭ রানের শক্তিশালী পুঁজি নিয়ে তারা সফরকারী অস্ট্রেলিয়াকে ৪১.২ ওভারে ২৩০ রানে গুটিয়ে দেয়। একপর্যায়ে ১৬ ওভারে ১ উইকেটে ১২৯ রানের শক্ত ভিত গড়েও অস্ট্রেলিয়া ১০১ রানে ৯ উইকেট হারিয়ে বড় ব্যবধানে হেরে যায়।
ম্যাচের আসল নায়ক ম্যাথু ব্রিটস্কি ১০৬ বলে ১১২ রানের ইনিংস খেলার পাশাপাশি তিনটি ক্যাচ নিয়ে দুর্দান্ত পারফর্ম করেন। ওয়ানডেতে তার এটি দ্বিতীয় সেঞ্চুরি। এদিকে, কেশব মহারাজ ৯.২ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা অবশ্য ভালো ছিল না। টনি ডি জর্জি রানের খাতা খুলতে পারেননি এবং কুইন্টন ডি ককও (১৪) দ্রুত বিদায় নেন। ২৯ রানে দুই ওপেনারকে হারানোর পর ব্রিটস্কি হাল ধরেন এবং টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন ও ডেভিড মিলারের সঙ্গে ছোট ছোট জুটিতে দলকে এগিয়ে নেন। এরপর মার্কো ইয়েনসেনের সঙ্গে ৮১ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। ইয়েনসেনের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রানের ঝলমলে ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস ৫৭ রানে ৩ উইকেট এবং অ্যাডাম জাম্পা ৫০ রানে ২টি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল উড়ন্ত। ওপেনিং জুটিতেই আসে ৫৬ বলে ৯০ রান। ৫ চার ও ৬ ছক্কায় ৩৬ বলে ৬০ রান করা মিচেল মার্শকে কাভারে ক্যাচ বানিয়ে ব্রেকথ্রু এনে দেন মহারাজ। দলীয় ১২৯ রানে আরেক ওপেনার ট্রাভিস হেড (৩৭ বলে ৩৬) ফেরেন। পরের ওভারে জশ ইংলিশ ও কুপার কনোলিও (৪২ বলে ৩৮) ইনিংস বড় করতে পারেননি। ম্যাট রেনশ আউট হতেই দৃশ্যপট বদলে যায় এবং অস্ট্রেলিয়া ৫৪ রানে শেষ ৬ উইকেট হারায়। প্রোটিয়াদের হয়ে মহারাজ ছিলেন সবচেয়ে বিধ্বংসী রূপে। এছাড়া কর্বিন বোস ও বিয়ন ফোর্টান দুটি করে উইকেট লাভ করেন।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি আগামী রোববার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।