লক্ষ্মীপুরের রায়পুর থানা লক্ষ্য করে পটকা ফাটানোর অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ওই দুই তরুণ এক হাজার টাকার বিনিময়ে থানায় পটকা ছুড়েছেন এবং তাঁদের টাকা ও নির্দেশনা দিয়েছেন সৌদি আরবে অবস্থান করা নিষিদ্ধ ছাত্রলীগের এক স্থানীয় নেতা। গ্রেপ্তার দুজন অভিযুক্ত মাত্র; আদালতে তাঁদের দোষ প্রমাণিত হয়নি।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে। গ্রেপ্তার দুজনের একজন রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বয়স ২২ বছর; অপরজন চরপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বয়স ২৩ বছর। ঘটনার পর মামলা হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঞা বলেন, পুলিশের তদন্তে উঠে এসেছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে সৌদি আরবে থাকা রায়পুর পৌরসভা ছাত্রলীগের নেতা পরিচয়দানকারী এক ব্যক্তি দুই তরুণকে এক হাজার টাকা দিয়েছিলেন। ওই টাকায় তাঁরা পটকা কিনে থানার পেছনে সরকারি মার্চেন্টস একাডেমির সাইকেল পার্কিং কক্ষ থেকে দুটি পটকা ছোড়েন।
পুলিশ আরও জানায়, পটকা ছোড়ার পর পালানোর চেষ্টা করলে অদূরে একাডেমির মাঠে অবস্থান করা ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা দুই তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।