বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

চাটখিলে যুবককে হাতুড়িপেটা করে মোটরসাইকেল, মোবাইল ও মানিব্যাগ ছিনতাই

নোয়াখালীর চাটখিলে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নোয়াখালীর চাটখিলে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার পর তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রিমির বিরুদ্ধে। ঘটনাটি রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় ঘটে। আহত যুবকের নাম নাজমুল ইসলাম। তিনি উপজেলার ভাওর রিয়াজ উদ্দিন মিজি বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেনের ছেলে। নাজমুলের পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগে জানা গেছে, চাটখিল পৌরসভার ৪ নং ওয়ার্ড ভীমপুর গ্রামের মৌলভী বাড়ির প্রকাশ সোহেল কমিশনারের বাড়ির আলমগীরের ছেলে রিমি, নাজমুলকে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় ও শরীরে উপর্যুপরি আঘাত করে। এরপর তার কাছ থেকে মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক ব্যক্তি জানান, রাত ৯টার দিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় নাজমুল দৌঁড়ে এসে মিলের সামনের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সাথে যোগাযোগ করে তাকে সিএনজিযোগে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মাইজদীতে নিয়ে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। এ বিষয়ে আহত যুবকের ভাই জানান, ঘটনার পর চাটখিল থানায় ফোন করে ডিউটি অফিসারকে জানানো হয় এবং হাসপাতালে একজন পুলিশ কর্মকর্তা পাঠানোর জন্য অনুরোধ করা হয়। তবে থানা থেকে লিখিত ডায়েরি করার পরামর্শ দেওয়া হয় এবং রোগীকে দ্রুত মাইজদীতে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলা হয়। বর্তমানে আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য মাইজদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।