রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

‘নীরব এলাকা’ চিহ্নিত করতে ও অপ্রয়োজনীয় হর্ন বন্ধে নিয়মিত অভিযানের নির্দেশ হাইকোর্টের

বেলার রিটের প্রাথমিক শুনানিতে রুল জারির পাশাপাশি তিন মাস পরপর বাস্তবায়ন প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘নীরব এলাকা’য় যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন এবং অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলের পাশাপাশি কয়েকটি নির্দেশনাসহ এ আদেশ দেন।

আদালত সংশ্লিষ্ট এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও মতবিনিময়, সচেতনতা তৈরি এবং বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে আইন ও বিধি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে প্রতি তিন মাস পরপর আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) গত ২৭ অক্টোবর ২০২৫ সালের শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে রিটটি করে। ২০২৫ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের বিধান অনুসারে এ বিধিমালা প্রণয়ন করা হয়েছিল। বেলার ভাষ্য, দুই কোটি ২০ লাখের বেশি মানুষের বাস রাজধানী ঢাকা শব্দদূষণে প্রায়ই বিশ্বে শীর্ষ অবস্থানে থাকে। শব্দদূষণের প্রধান উৎস হিসেবে তারা গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের তীব্র ও অপ্রয়োজনীয় হর্ন, হাইড্রোলিক হর্নের যথেচ্ছ ব্যবহার, শিল্পকারখানা, নির্মাণকাজ ও জেনারেটরের কথা উল্লেখ করেছে।

বেলা জানিয়েছে, বিধিমালা অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারদিকের ১০০ মিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরের তিন কিলোমিটার এলাকা, সচিবালয় ও আশপাশ, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন আগেই নীরব এলাকা ঘোষিত হলেও কার্যকর তদারকির অভাবে সেখানে শব্দের মাত্রা সীমার ওপরে থাকে বলে সংগঠনটির দাবি।

রুলে নীরব এলাকা এবং নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান ও উৎসব, যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শুনানিতে বেলার পক্ষে ছিলেন আইনজীবী মো. আশরাফ আলী, তাঁকে সহায়তা করেন এস হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।