দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে বিপুলসংখ্যক চিকিৎসকের পদ খালি পড়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের ৩২তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, চিকিৎসকদের কোথায় পদায়ন করা হবে এবং কীভাবে তাঁদের কাজে লাগানো হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তাঁর আগে বক্তব্য দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাসের উদ্দেশে তিনি বলেন, ‘ডাক্তার তো দিতেই পারেন না। ডাক্তার পোস্ট ভূরি ভূরি খালি।’ নীলফামারী, দিনাজপুর, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, রাঙামাটি ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার হাসপাতাল ও মেডিকেল কলেজে পদ খালি থাকার কথা তিনি উল্লেখ করেন।
বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের পর তাঁদের কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে পরিকল্পনা থাকা দরকার বলে মন্তব্য করেন জাহিদ হোসেন। রেডিওলজিস্টদের উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো হাসপাতালে একজন রেডিওলজিস্ট পাঠানোর আগে সেখানে আলট্রাসনোগ্রাম যন্ত্র সচল আছে কি না, রেডিওগ্রাফার আছেন কি না এবং প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। এসব সুবিধা না থাকলে চিকিৎসকেরা সেখানে কাজ করতে আগ্রহী হবেন না। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করে মন্ত্রণালয়কে পরামর্শ দিতে আহ্বান জানান।
আঞ্চলিক চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের রোগীদের যেন রংপুর বা বগুড়ার বাইরে যেতে না হয়, সে অনুযায়ী আঞ্চলিক হাসপাতালগুলো গড়ে তুলতে হবে। একইভাবে সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করতে হবে। এতে রোগীদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে তিনি মন্তব্য করেন।
রেডিওলজি ও ইমেজিংয়ের মতো বিশেষায়িত সেবায় দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ ও হাতেকলমে শেখার সুযোগ বাড়ানোর ওপর জোর দেন মন্ত্রী। সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রিসোর্স কনস্ট্রেইন্টের কান্ট্রির নাম বাংলাদেশ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আওসাফ আলী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী ও ড্যাব সভাপতি অধ্যাপক হারুন আল রশীদসহ আরও অনেকে বক্তব্য দেন। সম্মেলনে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা অংশ নিচ্ছেন।