সিরাজগঞ্জে এলপি গ্যাস, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ এবং পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে একটি ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানের সময় এলপি গ্যাসের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারক করা হয়। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বড় বাজারসহ বিভিন্ন ডিলার পয়েন্টে ভোজ্য তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মজুত ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।
অভিযানে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ এবং পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে একটি কোম্পানির স্থানীয় ডিলারকে জরিমানা করা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।