বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ তালিকায় নাম ওঠেনি যাঁদের, নতুন করে আবেদন চাইল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক বা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে পরিচয়পত্র ও আহত হওয়ার প্রমাণসহ আবেদন করতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, কিন্তু এখনো ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত হয়নি—এমন ব্যক্তিদের কাছ থেকে নতুন করে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জুলাই গণ-অভ্যুত্থান শাখা থেকে এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আন্দোলনে সম্পৃক্ত হয়ে যাঁরা আহত হয়েছেন অথবা এখনো চিকিৎসাধীন আছেন, কিন্তু জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হননি, তাঁরা নাম তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় অথবা জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে।

আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য এবং আহত হওয়ার সপক্ষে উপযুক্ত প্রমাণক দাখিল করতে হবে। ইউএনও ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা পড়া আবেদনগুলো বিশেষ দূতের মাধ্যমে সরাসরি জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরে জমা হওয়া আবেদনগুলো যাচাই-বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয়ের উপসচিব মো. জহিরুল ইসলাম গণবিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন।

এর আগে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে নতুন করে দুই হাজারের বেশি আবেদন জমা পড়ার তথ্য জানিয়েছিল মন্ত্রণালয়। সে সময়ের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর পর্যন্ত দেশের ৪০টি জেলা থেকে মন্ত্রণালয়ে ১ হাজার ৫৪৩টি আবেদন জমা পড়েছিল। এর বাইরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আরও প্রায় ৭০০ আবেদন জমা পড়ে। সব মিলিয়ে তখন নতুন আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছিল ২ হাজার ২৪৩।