সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর হাতে আটক

উত্তর সুমাত্রার উপকূলে ৭ নভেম্বর জাহাজটি আটক করা হয়; ১৫টি কনটেইনারে রাসায়নিক ও ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড পাওয়ার দাবি কর্তৃপক্ষের।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করেছে। কর্তৃপক্ষের দাবি, জাহাজটিতে ৪০৫ টন রাসায়নিক পদার্থ সোডিয়াম পারক্লোরেট পাওয়া গেছে। জাহাজটি চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছিল বলে জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সরকারি বিবৃতি অনুযায়ী, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলীয় জলসীমায় জাহাজটিকে আটক করা হয়। ২০ নভেম্বর বেলাওয়ানে এক সংবাদ সম্মেলনে অভিযানের কথা প্রকাশ্যে আনা হয়। নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ সমুদ্রপথে অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করে ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটিকে থামায়। জাহাজটি বেতারে কোনো সাড়া দিচ্ছিল না। এর পরিপ্রেক্ষিতে অভিযান শুরু হয়।

তল্লাশিতে জাহাজে থাকা মোট ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে লাখ লাখ খালি সিম কার্ড পাওয়া যায় বলে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অক্সিডাইজার, যা মূলত রকেটের জ্বালানি বা প্রপেল্যান্ট এবং শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।

ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত যে তথ্য প্রকাশ হয়েছে, তা ইন্দোনেশীয় নৌবাহিনীর বিবৃতি ও দাবির ওপর ভিত্তি করে; রাসায়নিকের প্রাপক, উদ্দেশ্য বা ব্যবহার নিয়ে স্বতন্ত্র সূত্রে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।