সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু জবাইয়ের ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; অর্থদণ্ড না দিলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জ ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এই রায় দেন।
দণ্ডিত মোতালেব শেখ রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাঘ গ্রামের মকছেদ আলীর ছেলে। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর গোলাম সরওয়ার খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পরই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুন রোজিনা খাতুন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাওয়াকে কেন্দ্র করে স্বামী মোতালেবের সঙ্গে ঝগড়া ও কথা-কাটাকাটিতে জড়ান। এর জের ধরে রাতে মোতালেব গরু জবাইয়ের ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে তাঁকে হত্যা করেন। হত্যার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আজিজ সরকার বাদী হয়ে মামলা করেছিলেন। ঘটনার প্রায় ১৭ মাস পর এই মামলার রায় ঘোষণা হলো।