নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (২৮) নামে এক শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ৮ নম্বর নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামে রেহান উদ্দিন হাজীর বাড়ি থেকে রাত আনুমানিক ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। রাসেল সিংবাহুড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং নোয়াখলা ইউনিয়নের শ্রমিক দলের নেতা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেলের সঙ্গে স্ত্রী মুক্তা বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ৬ নভেম্বর রাতে মুক্তা বেগম ফোন করে রাসেলকে বাবার বাড়িতে ডেকে নেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা নানা জায়গায় খোঁজ করেও সন্ধান পাননি। ৭ নভেম্বর রাসেলের বাবা চাটখিল থানায় সাধারণ ডায়েরি করেন। স্থানীয়দের ভাষ্য, রাসেল নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
গভীর রাতে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফের নেতৃত্বে পুলিশের একটি দল এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানাসহ স্থানীয় কয়েকজন ওই বাড়িতে যান। বাড়ির একটি পরিত্যক্ত ও ভাঙা ঘর থেকে তীব্র দুর্গন্ধ আসায় তাঁদের সন্দেহ হয়। তল্লাশি চালিয়ে ঘরটিতে মাটিচাপা অবস্থায় রাসেলের মরদেহ পাওয়া যায়; সেটি পুরোনো লেপ-তোশক দিয়ে ঢাকা ছিল।
রাসেলের বাবা সিরাজুল ইসলাম বলেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধের জেরে রাসেলকে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ঘরে মাটিচাপা দেওয়া হয়েছিল। হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।