বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে সাতক্ষীরার কলারোয়ায় বিপাকে পড়েছেন মৌয়ালরা। সরিষা ফুল থেকে পর্যাপ্ত মধু সংগ্রহ করতে না পারায় মৌমাছি বাঁচাতে প্রায় ১১ হাজার টাকা খরচ করে চিনি কিনে খাওয়াচ্ছেন সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের মৌয়াল ইব্রাহিম।
সরিষা ফুলের মধু সংগ্রহের আশায় তিনি কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের নকউটির বিলে ২৫০টি মৌবাক্স বসিয়েছিলেন। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে সরিষাখেতে পানি জমে যাওয়ায় মৌমাছি ফুল থেকে পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারছে না। এতে অনেক মৌমাছি মারা যাচ্ছে। বাধ্য হয়ে তিনি চিনি পানিতে মিশিয়ে মৌমাছিদের খাওয়াচ্ছেন।
ইব্রাহিম জানান, সারা বছর মৌমাছির পরিচর্যার পর মৌসুমে মধু বিক্রি করে মৌয়ালরা বিভিন্ন ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধ করেন। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় এবার মধু সংগ্রহ ব্যাহত হচ্ছে। ফলে লোকসানের পাশাপাশি ঋণ পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়তে হচ্ছে।
মৌয়ালদের অভিযোগ, সরকারি লাইসেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় মৌবাক্স নিয়ে যাতায়াত ও মধু সংগ্রহে নানা অঙ্কের চাঁদা দিতে হয়। সরকারি প্রণোদনা ও সহযোগিতাও প্রকৃত মৌচাষিদের কাছে পৌঁছায় না বলে তাঁদের দাবি। এ অবস্থায় তাঁরা সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং মধু সংগ্রহ ও পরিবহনে হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।
কলারোয়া উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক বলেন, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় মৌমাছির খাদ্য সংগ্রহ ব্যাহত হওয়ায় মধু উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় মৌবাক্সের নিয়মিত পরিচর্যা ও মৌমাছির প্রয়োজনীয় খাদ্য সরবরাহের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রকৃত মৌচাষিদের সরকারি সহায়তার আওতায় আনার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।